১৬ই ..মেমোরিলেন ( স্বাধীনতা ও চারচক্লেট)
আজ ছুটি । গতকাল বড্ড ধকল গেছে । স্কুল থেকে লাইন বেঁধে নিয়ে গেছিলো
স্টেডিয়ামে । ব্যাণ্ডের তালে তালে হাত পা নেড়ে প্যারেড করতে করতে বেশ মজা ,বড্ড
গরমে জল তেষ্টা পাচ্ছিলো বটে । তবু খুব আনন্দ হচ্ছিলো । প্যারেড শেষে টিফিন ,
এমনিতে ১৫ই আগস্ট চারটে চকলেট ,দুটো বিল-বস্কুট আর একটা প্যাঁড়ার প্যাকেট থাকে
স্কুলে সবার জন্যই , যারা প্যারেড করবে তাদের জন্য স্পেশাল...
আজ বেলায় ওঠা । কোনো তাড়া নেই , বাইরে ঝলমল করছে রোদ্দুর । মাঠে ফ্ল্যাগ
ওয়েস্টিং এর বেদীটায় একলা পতাকার পাইপটা রয়ে গেছে । রাস্তা পারা-পার করে সুতলি
দড়িতে কাগজের তিরঙ্গা তখনও উড়ছে পত পত করে, একটা এমুখো আর একটা ওমুখো করে ...ওগুলো
কেউ খুলবে না । ওগুলো ভিজবে , রোদে শুকোবে ,আবার ভিজবে ... আস্তে আস্তে ধুসর হয়ে
ছিঁড়ে যাবে। ফ্ল্যাগ ওয়েস্টিংয়ের পাইপের মাথা থেকে ওরকমই চেন ফ্ল্যাগ টান দিয়ে
বাঁধা আছে পর পর গোল করে মাঠে থাকা ইঁটের সাথে । সুন্দর লাগে দেখতে । নিচের দিকের
গুলো এখন নেই , শুধু দড়িটা পড়ে আছে ,
নাগালে পেয়ে মোহনদের ছাগলটা... এখন চোখ বন্ধ করে দড়িটাকে চিবোচ্ছে ।
১৬ই ...৪৭...দিল্লি ৬
চুউউউউউউউউউউউউউ......১০বছরের নানহী । লালকিলা থেকে এক কিলোমিটার মতো ,জামা
মসজিদ থেকে আধ... নানহীদের চাঁদনীচকের ধরমপুরা গলির বাড়ির ছাদ থেকে দুটোই দেখা
যায়। ইঁট বাধানো গলিতে ওদের কিৎ কিৎয়ের কোর্ট কাটাই থাকে খড়ি দিয়ে ...ওরা এখন
চার-পাঁচজন । আজ গলি ফাঁকা , মাইকে কি যেন সব বাজছে , মাঝে মাঝে বন্ধ করে কিসব
বলছে । বড় রাস্তা দিয়ে একটা বড় জুলুস গেল , আজ নাকি খুব আনন্দের দিন , আজ আজাদিকা
পহেলা দিন । নানহীও জানে , আজ লালকিলায় তিরঙ্গা উঠবে ,আংরেজরা চলে যাবে দেশ ছেড়ে হামেশা কে লিয়ে !... ওর প্রানের বন্ধু
ফতেমারাও ...ওদের জন্য নাকি আলাদা মুল্ক হয়েছে .....আজাদ মুল্ক , নতুন নাম- ‘পাকিস্তান’ । ওর আব্বার দোকান
আহমাদ কা মহল্লায় , পরশু কারা যেন সব লুঠ করে নিয়ে গেছে ...নানহীও দেখেছে
সুন্দরচাচাকে হাতে একটা বড় চাঁদির রেকাবী
নিয়ে ঘরে ঢুকতে...আজ আসেনি ফতেমা ।
দুম করে পটকা ফাটে , পট পট আওয়াজ করে
পায়েরাগুলো গলির ঘুপচি ছেড়ে মসজিদের গম্বুজের দিকে উড়ে গেলো ।মসজিদের
গম্বুজের পেটের কাছে গুটুরগু গুটুরগু করছে অজস্র পায়রা , গলির সব বাড়িতেই কম করে
১০০ পায়রা । আবার দুম ... পায়রাগুলো আবার
উড়ে গেলো ঝাঁকে ঝাঁকে ...নানহী আকাশের দিকে তাকিয়ে ভাবে ...আজাদী মানে কি ?
...আজাদী মানে বুঝি এরকম উড়ে যাওয়া কবুতর !...আজাদী মানে ওদের আরও…. আরও বড় কিৎ কিৎয়ের কোর্ট...
১৬ই ...৪৬...আনন্দনগরী
আজ “ডাইরেক্ট একসান ডে” । লীগ ভলেন্টিয়াররা জড়ো হচ্ছে সকাল থেকেই বড়বাজার , সার্কুলার রোড
, স্ট্রাণ্ড রোডের মুখে , পার্ক সার্কাস কেঁপে কেঁপে উঠছে “পাকিস্তান জিন্দাবাদ
...আপনা বতন পাকিস্তান ...” স্লোগানে স্লোগানে । মকবুলদের হাড়কাটা গলির গুদামে ১২
ড্রাম পেট্রল স্টক করা আছে । ১৫দিন আগেই কূপন নিয়ে তুলে রেখেছে মজিদ- হায়দার –নাসিমরা
। মাস খানেকের রেশনও মহল্লায় বাড়ি বাড়ি তোলা রয়েছে । শহর গত কয়েকদিন ধরেই থম থম
করছে । আজ কোনো দোকান খুলতে দেবে না লীগ ... কোনো দোকান নয় । হরতালে পেট্রলের কি
দরকার মজিদরা ঠিক বুঝতে পারেনি ,তাদের কিছু বলাও হয়নি । শুধু বলা হয়েছে আজকের
প্রোগ্রাম সফল করতেই হবে তবেই পাকিস্তান আসবে ,ওদের নিজেদের দেশ… মুসলমানদের দেশ…ইন্সাল্লা ...
বড়বাজারের দোকান অনেকে খুলেছে । উপর থেকে নির্দেশ এলো সব বন্ধ করতে হবে ।
হিন্দু দোকানদারেরা বন্ধ করবে না কিছুতেই । ওরা পাকিস্তান হোক চায়না । কাফের ।
বেলা বাড়ছে । একদল বন্ধ দোকান গুলোয় চিহ্ন এঁকে দিতে লাগলো । লীগের বিরাট মিছিল
বেড়লো । খবর এলো হিন্দুরা বিবেকানন্দ রোডে
ঠেলা জুড়ে জুড়ে ব্যারিকেড তৈরী করছে ,যাতে মিছিল যেতে না পারে । তর্কাতর্কি চলছে
হিন্দু দোকানদারদের সঙ্গে , কে একটা ফ্ল্যাগের লাঠি দিয়ে দোকানীর মাথায় মারলো ,
দোকানী লুটিয়ে পড়লো ...বাকিরা দোকানে ঢুকে পরেছে লুঠ করছে যা পারছে । দূরে একটা
ট্রাক দাঁড়িয়ে ...লুঠের মাল সেই ট্রাকে তোলা হচ্ছে ...এবার আগুন লাগিয়ে দেওয়া হলো
দোকানে...জনাব বলে দিয়েছে –আজ পুলিশ-মিলিটারি কেউ আসবে না ।
মাড়োয়ারী সমীতির রতনলাল শেঠের গুদামে বোঝাই আমেরিকান সেপাইদের কাছ থেকে কেনা চোরাই বন্দুক
। পেটিতে এসিড বোমা মজুত । হিন্দু কামার পাড়ায় রাশিরাশি ভালা-টাঙি তৈরী বরাত রয়েছে
- দরকারে কাজে লাগবে তাই ,একমাস আগে থেকেই প্রস্তুতি চলছে । মুসলমানগুলোর বড্ড বাড়
বেড়েছে । পাকিস্তান নেবে ! নেওয়াচ্ছি ... এবারে একটা এসপার ওসপার করেই ছাড়তে হবে ।
বকুল , নারান , কাজলরা কালীঘাটে পুজো দিয়ে এসছে । সকাল থেকে সবাইকে লাল তিলক এঁকে
দিচ্ছে । খবর এসছে বড়বাজারে ওরা এক হিন্দুভাইয়ের দোকানে আগুন লাগিয়েছে ...কোতল
শুরু করে দিয়েছে । ওরা সি আই টি রোডের দিকে এগোয় ...আমাদের একটা তো ওদের দুটো লাশ
পড়বে ...লীগ সরকার শুধু মুসলমানদের সরকার ,আজ কাউকে মানা হবে না ...জয় মা ভৈরবী...
বেলা বাড়তে থাকে , শহরের আকাশে কালো ধোঁয়া ছেয়ে যাচ্ছে । সি আই টি রোড ,
পার্ক সার্কাস ঘন ঘন আর্তনাদের আর জিঘাংসার উল্লাসে কেঁপে কেঁপে উঠছে ...বাতাসে
পোড়া মাংসের গন্ধ ...
১৬ই...১৪
কুক আবার ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে টসে জিতে । শেষ তথা পঞ্চম
টেস্টে গৌতম গম্ভীরকে টিমে রেখেছে এম এস ধোনি । ওভালে আবহাওয়া নাতিশীতোষ্ণ ও ভারি
। ইংল্যান্ডের আবহাওয়ার চরিত্র মেনে ঝির ঝিরে বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে ।
দুপুরের খাওয়া-দাওয়ার পর টিভি-রিমোট দখল করা এই মুহুর্তে সর্বাধিক প্রাধান্য
পাচ্ছে কর্মসূচীতে ।
ইন্ডিয়ান –অস্ট্রেলিয়ান এসোসিয়েসন অফ সাউথ অস্ট্রেলিয়া(IAASA) ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করবে এডিলেডে । ৬৭তম
স্বাধীনতা দিবস উদযাপনে সবাইকার নিমন্ত্রন
রইল ।
No comments:
Post a Comment